সলঙ্গায় আন্তজেলা ট্রান্সমিটার চোর চক্রের ৯ সদস্য আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চোর চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ।
উপজেলার সিআরবিসি এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের মূলহোতা বাকিরুল ইসলামের বাড়ি থেকে ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্রান্সমিটারের তামার তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সলঙ্গা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআরবিসি এলাকায় বাকিরুল ইসলামের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চক্রের ৯ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রশাসনের ‘সোর্স’ পরিচয়দানকারী ও সিএনজিচালক সাগর সরকারও (২৬) রয়েছেন। সাগর চড়িয়া মধ্যপাড়া এলাকার হানিফ সরকারের ছেলে।
গ্রেপ্তার হওয়া অন্য সদস্যরা হলেন—চড়িয়া কালীবাড়ি এলাকার নয়ন (২৮), জুলহাস (৩২), কাউছার (২৮), রমজান (২৮), কামরুল ইসলাম (৪০), চড়িয়া কান্দিপাড়ার মো. শামিম (৩৮), উল্লাপাড়ার শরিফুল ইসলাম (৩২), পাবনার বেড়া উপজেলার আলমগীর (৩০) ও মোস্তফা (৩০)।
পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআরবিসি এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী নুরনবীর দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকেও চুরিকৃত বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরনবী পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, নুরনবী এই চক্রের অন্যতম প্রধান হোতা। তিনি চোরাই মালামাল কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিটার চুরি করে নুরনবীর কাছে বিক্রি করে আসছিলেন। চক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং তাদের মধ্যে পরিবহন ও তথ্য আদান-প্রদানের জন্য নির্দিষ্ট ব্যক্তি নিযুক্ত ছিল।
সলঙ্গা থানা পুলিশ জানায়, “চক্রের মূল হোতাদের একজনকে আমরা শনাক্ত করেছি। ৯ জন আটক হলেও ভাঙ্গারি ব্যবসায়ী নুরনবী এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পল্লী বিদ্যুতের এই মহামূল্যবান যন্ত্রাংশ চুরির ফলে কৃষিকাজে যে বিঘ্ন ঘটছে, তা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
