সারিয়াকান্দিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এ বছর সারিয়াকান্দি উপজেলায় সর্বমোট ২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার ৬ টি বেশি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। একই সঙ্গে প্রধান অতিথি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান,পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সুজন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অরুনাংশু কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার সাহা,সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের উপজেলা শাখার সভাপতি উত্তম সাহা। এছাড়াও উপজেলার ২৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
অপরদিকে প্রধান অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের জন্য বিভিন্ন উপকরণ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জন্য লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধী টিকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জলাতঙ্ক প্রতিরোধী টিকা এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোশাক বিতরণ করেন। কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
