রাজশাহীতে এনসিপি মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত মহানগর আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর সভায় রাজশাহী মহানগরে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দলের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের নেতারা।
পরিচিতি সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি একটি দায়িত্বশীল, গণমুখী ও কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাজশাহী মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা হবে।
সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মোবারশের হোসেন, সদস্য সচিব মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মাহফুজুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব ফাহাবীর চৌধুরী।
এ ছাড়া আরও বক্তব্য দেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক মো. এম এ সবুর, জেলা সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু, সিরাজুল ইসলাম, বিলকিস আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন বাপ্পিসহ কমিটির অন্য নেতারা।
সভায় উপস্থিত নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে রাজশাহী মহানগরে আগামী দিনের সব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
