রাজধানীতে ব্যাডমিন্টন খেলার সময় ছুরিকাঘাত, ৪ তরুণ গুরুতর আহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব শত্রুতার জেরে একদল যুবকের অতর্কিত ছুরিকাঘাতে চার তরুণ গুরুতর আহত হয়েছেন।
গতকাল রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের তালেব আলী মসজিদের মাঠে এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বর্তমানে এখানেই তারা চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন স্থানীয় একটি পোশাকের দোকানের কর্মচারী জিয়া (১৯)। তার পিতার নাম মোঃ খোকন মিয়া। বর্তমানে ডেমরা স্টাফ কোয়াটার তালেব আলী মসজিদের পাশেই বসবাস করেন। শাকিব (১৯) তার পিতার নাম মোঃ ফারুক হোসেন। পেশায় সুতার দোকানের কর্মচারী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার শাওতালা গ্রামে। রাহাত (২০) ইলেকট্রিকের কাজ করে। তার পিতার নাম মুক্তার আলী। বর্তমানে ডেমরা স্টাফ কোয়াটার তালেব আলী মসজিদের পাশেই বসবাস করতে হবেন এবং সোহান (১৪)। তার পিতার নাম মোঃ সাগর। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার কমলাকান্দা গ্রামে।
আহতদের মধ্যে সোহানের মাথায় ও হাতে এবং শাকিবের বগলের নিচে ছুরির আঘাত লেগেছে। এছাড়া জিয়ার পিঠে ছুরির আঘাত এবং রাহাতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তারা সবাই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত সোহানের বাবা মোঃ সাগর জানান, রাত সাড়ে ১০ টার দিকে তালেব আলী মসজিদের মাঠে ব্যাডমিন্টন খেলা চলাকালীন সময়ে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় পান্নু নামের এক যুবকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও ছুরি নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হামলার ঘটনা আমার ছেলে সহ তিনজন গুরুতর আহত হয়। পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে এখানেই তারা চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হামলায় আহতদের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা থেকে আহত হয়ে চারজন ঢাকা মেডিকেলে এসেছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
