যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

তাহেরপুরে রসুলপুর সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষচারা ও স্কুল ব্যাগ বিতরণ

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে রাজশাহীর বাগমারায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৬।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও শিক্ষার প্রসারে এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

রসুলপুর আইপিএম কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামগ্রামে অবস্থিত সমবায় সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।তাহেরপুর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা সমবায় অফিসার কাউসার আলী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্থানীয় সাধারণ মানুষের হাতে উন্নত জাতের বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিনামূল্যে আকর্ষণীয় নতুন স্কুল ব্যাগ দেওয়া হয়।

নতুন ব্যাগ পেয়ে শিশুদের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার কাউসার আলী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মকে বিদ্যালয়মুখী করতে রসুলপুর সমবায় সমিতির এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার এটি একটি অনন্য উদাহরণ।”

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই তাদের এই চারা বিতরণ কর্মসূচি। পাশাপাশি এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং ঝরে পড়া রোধ করতে প্রতি বছরই তারা এমন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

উক্ত অনুষ্ঠানে সমবায় সমিতির সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষা ও শিক্ষার আলো ছড়াতে সমিতির এমন দূরদর্শী ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।