সিংড়ার ইটালী ইউনিয়নে মাটি ব্যবসার বলি প্রধান সড়ক, ক্ষোভে এলাকাবাসী

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের প্রধান সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুকুর পুনখনন ও সংস্কারের নামে ব্যাপকভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। আর সেই মাটি বহনকারী ভারী ট্রাক ও ট্রলির অবাধ চলাচলের কারণেই সড়কটির এমন করুণ অবস্থা সৃষ্টি হয়েছে।
রবিবার (৭ জুন) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হচ্ছে, ফলে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করছেন।
স্থানীয়দের দাবি, পুকুর সংস্করণের অনুমতির আড়ালে ফসলি জমি থেকেও মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভারী যানবাহনে মাটি পরিবহনের ফলে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং বর্তমানে অনেক অংশ চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও এর রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অবৈধ মাটি উত্তোলন ও পরিবহন বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
