যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রাম থেকে আজ বুধবার সকালে তাসলিমা খাতুন (২৫) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

​নিহত তাসলিমা খাতুন ওই গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে উজ্জ্বল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে বৃ-আঙ্গারু গ্রামের তাহের মণ্ডলের মেয়ে তাসলিমার সঙ্গে একই গ্রামের উজ্জ্বলের বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। স্বজনদের দাবি, সম্প্রতি উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে দম্পতির মধ্যে কলহ শুরু হয়। এর জেরে শ্বশুরবাড়ির লোকজন তাসলিমাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আজ ভোরে তাঁর মৃত্যুর খবর জানাজানি হয়।

​নিহতের বাবা তাহের মণ্ডলসহ স্বজনদের অভিযোগ, তাসলিমাকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘরের ভেতর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

​শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের প্রথম আলোকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা নয়। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।”

​পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।