সারিয়াকান্দি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের কক্ষ থেকে চার লক্ষাধিক টাকা চুরি

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের হিসাব রক্ষক কক্ষে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অজ্ঞাত পরিচয় তিন যুবক কক্ষের লোহার জানালা ও কাচ ভেঙে ভেতরে ঢুকে কলেজের বিভিন্ন কাগজ তছনছ করে আলমারি থেকে নগদ সাড়ে চার লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অফিস কক্ষের সিসিটিভি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে।
কলেজ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কলেজে অফিস কার্যক্রম পরিচালনা করেছেন। পরদিন সকালে এসে দেখেন হিসাব রক্ষক কক্ষের কাচ ভাঙা ও লোহার জানালা কাটা, টেবিলে এবং আশপাশে কাগজপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। আলমারি থেকে চার লক্ষাধিক টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
