সিংড়ায় নাশকতার মামলায় যুবলীগ নেতা রইদুল গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় নাশকতার মামলায় মোঃ রইদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রইদুল ইসলাম ইটালী ইউনিয়নের হিজলী গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। তিনি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাতপুকুরিয়া বাজার এলাকায় রইদুল ইসলামের অবস্থান ও কথাবার্তা নিয়ে পুলিশের কাছে তথ্য আসে। তিনি সেখানে মহড়া দিচ্ছেন এবং উসকানিমূলক কথাবার্তা বলছেন—এমন তথ্যের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ইটালী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা এবং ৫ আগস্টের পর ওয়ার্ড বিএনপি নেতা রায়হান ও কালীনগর গ্রামের ছাত্রদল নেতা সোহেলকে মারধরের ঘটনায় দায়ের করা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
