এনায়েতপুরে আশরাফ আলী হত্যা : ৯ জনের নাম উল্লেখ করে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী বেপারীকে (৫৮) কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে এনায়েতপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছেলে মো. ইয়াকুব আলী বাদী হয়ে দায়ের করা এজাহারে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ তুলে ধরেছেন।
এজাহারে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—১. মো. রহিচ উদ্দীন বেপারী (৪০), পিতা: মৃত ছামাদ বেপারী, গ্রাম: ভাঙ্গাবাড়ি। ২. মো. সোহাগ শিকদার (৩০), পিতা: মো. ছামান শিকদার, গ্রাম: ভাঙ্গাবাড়ি। ৩. মো. খাজানুর (৩৪), পিতা: মৃত খোকা শেখ, গ্রাম: আজুগড়া পাইকরতলা। ৪. মো. হযরত আলী (৩২), পিতা: জিলহজ আলী, গ্রাম: গোপরেখী সুইচগেট সংলগ্ন। ৫. মো. আকিব হোসেন (২২), পিতা: হযরত মীর, গ্রাম: এনায়েতপুর হাটখোলা ঝুড়িপুটি। ৬. মো. সেলিম হোসেন (৩২), পিতা: মো. ইছাহাক বেপারী, গ্রাম: খামারগ্রাম কলেজপাড়া। ৭. মো. সোনামিয়া (৩২), পিতা: মৃত করিম শেখ, গ্রাম: ভাঙ্গাবাড়ি।৮. মো. মোস্তাফা (৩৫), পিতা: মৃত আবুল হোসেন, গ্রাম: দৌলতপুর দক্ষিণপাড়া। ৯. মো. ইয়াহিয়া (৩৫), পিতা: শাহাজাহান হাজী, গ্রাম: গোপরেখী উত্তরপাড়া।
এজাহারে উল্লেখিত সব আসামির থানা এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৬, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় ইয়ামিনের পান ও চায়ের দোকান থেকে পান খেয়ে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী বেপারী। পথে পাকা রাস্তার ওপর মোটরসাইকেলযোগে এসে একদল ব্যক্তি তাঁর পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, প্রথমে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে বাড়ির দিকে দৌড় দিলে হামলাকারীরা তাঁকে ধাওয়া করে।
এজাহারে বাদী অভিযোগ করেন, হামলাকারীরা আশরাফ আলীকে কিল-ঘুষি মারতে মারতে সাইফুলের বাড়ির গেটের সামনে নিয়ে যায়। সেখানে রড ও হকিস্টিক দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তা তাঁর ডান হাতের কব্জির ওপর লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এরপরও হামলা থামেনি। প্রাণ বাঁচাতে আবারও দৌড় দিলে কয়েকজন তাঁর পথ আটকে মারধর করতে থাকে। একপর্যায়ে এক আসামি ধারালো ছুরি দিয়ে তাঁর বাম বুকের পাঁজরের দিকে সজোরে আঘাত করে।
এজাহারে দাবি করা হয়েছে, ছুরিটি বুকের ভেতর দিয়ে ফুসফুস বরাবর প্রবেশ করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এজাহারের সবচেয়ে চাঞ্চল্যকর অংশে উল্লেখ করা হয়েছে, আহত আশরাফ আলীকে স্থানীয় লোকজন রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি রেজাউল নামে এক ব্যক্তির কাছে মৃত্যুকালীন জবানবন্দি দেন বলে বাদীর দাবি।
এজাহারে বলা হয়েছে, ওই সময় তিনি হামলায় জড়িত ১ থেকে ৯ নম্বর আসামির নাম প্রকাশ করেন। কে হত্যার নির্দেশ দিয়েছিল, কে ছুরিকাঘাত করেছে এবং কারা তাঁকে মারধর করেছে, সে বিষয়েও বিস্তারিত বলে যান বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ ও বুকে ছুরিকাঘাতের কারণে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিহতের ছেলে বাদী মো. ইয়াকুব আলী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর থেকে এজাহারভুক্ত আসামিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। পিতার দাফন-কাফন এবং পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থানায় এজাহার দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ, কথিত মৃত্যুকালীন জবানবন্দির আইনগত মূল্যায়ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
