রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সুজন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ডাক্তার কালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সুজন রূপগঞ্জ থানার বোতলা আজিজ নগর গ্রামের মো. রমিজ খানের ছেলে।
সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী তামিম জানান, আজ শুক্রবার ২০ নভেম্বর বিকেল ৪ টার দিকে সুজন মোটরসাইকেল চালিয়ে ডাক্তার কালি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আমি পাশ দিয়েই যাচ্ছিলাম। দেখলাম তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে আছেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
