চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। পরে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
