শেরপুরে বিসিকের পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

নতুন ও সম্ভাবনাময় শিল্প উদ্যোক্তা তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শেরপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক শেরপুর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান ফকির।
সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের প্রকল্প প্রস্তাব উপস্থাপন ও মূল্যায়ন পর্ব অনলাইনে পরিচালনা করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মো. মুনতাসির মামুন।
এ ছাড়া বিসিক প্রধান কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মো. মেহেদী হাসান রেজা প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি অভিজ্ঞ ও সফল উদ্যোক্তারাও প্রশিক্ষক হিসেবে অংশ নেন। পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা এবং পণ্যের প্রচার ও বাজারজাতকরণে ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেন।
প্রশিক্ষণে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, হিসাব সংরক্ষণ, বিপণন কৌশল এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণ নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
