কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়া শহরের মজমপুরে একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও দোকানমালিক আহত হয়েছেন। বিস্ফোরণে তাদের দুজনের পায়েই গভীর ক্ষত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন ও জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে দোকানমালিক রুহুল আমিন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমন বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করেন। শুক্রবার দুপুরে শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তাভর্তি মালামাল রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন। দোকানের সামনে বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আহত হন। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছে। আহত দুজন সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে বিস্ফোরণের কারণ এবং এতে কোনো বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক তসলিম বলেন, সুমন কাস্টম মোড় থেকে বস্তাভর্তি মালামাল তার রিকশায় করে মজমপুরে নিয়ে আসেন। ২০ টাকা ভাড়ার চুক্তি হয়েছিল। সেখানে পৌঁছানোর পর ভাড়া দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি সামনে এগিয়ে যান। এর মধ্যে সুমন বস্তাটি রুহুলের দোকানের সামনে নামান। নামানোর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন বলেন, দোকানে বস্তা রাখার পরপরই বিস্ফোরণ ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানেন না। তবে সেখানে প্লাস্টিকের মালামাল ছিল বলে জানতেন। এটি বোমা কি না, তা-ও নিশ্চিত নন তিনি।
স্থানীয় বাসিন্দা রাজন বলেন, জুমার নামাজ শেষে তারা বাসায় ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখেন, সুমন ও রুহুল আহত অবস্থায় পড়ে আছেন। কী থেকে বিস্ফোরণ ঘটেছে, তা তারা বুঝতে পারেননি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকেল সোয়া ৩টার দিকে বিস্ফোরণে আহত সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাঁ পায়ে বেশি ক্ষত হয়েছে। সেখানে গভীর ক্ষত রয়েছে। অন্যদিকে রুহুলের ডান পায়েও আঘাত লেগেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শুক্রবার জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে মজমপুরে রেললাইনের পাশে রুহুলের ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সুমন বস্তাভর্তি ভাঙারির মালামাল নিয়ে সেখানে এসেছিলেন। বিস্ফোরণে আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা যাবে।
