যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ • সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : ‘মা’ ডাক শোনার আগেই নিভে গেল কাজলের জীবন প্রদীপ • নন্নী এতিমখানার বেহাল রাস্তার কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রশিদ • চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত • বাগমারায় পুকুর খননের অবাধ রাজত্ব, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষিজমি! • সারিয়াকান্দিতে যুব বিভাগের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত • সারিয়াকান্দি পৌর যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম কোমল • রাঙ্গাবালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জরুরি চিকিৎসা না পাওয়ার অভিযোগ
লিঙ্ক কপি হয়েছে!

সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : ‘মা’ ডাক শোনার আগেই নিভে গেল কাজলের জীবন প্রদীপ

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

দেড় মাস বয়সী অবুঝ শিশুটির তখনও মায়ের মুখ চিনে ওঠার বয়স হয়নি। অথচ সেই নিষ্পাপ শিশুটিকে পৃথিবীর নির্মম বাস্তবতায় একা ফেলে চিরবিদায় নিতে হলো ২০ বছর বয়সী তরুণী মা সাহারা আক্তার কাজলকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেয়ে কাজলের এই অকাল মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে গভীর রহস্য ও তীব্র চাঞ্চল্য।

নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে কাজলকে। এই ঘটনায় কাজলের স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং এক স্থানীয় ফার্মেসি মালিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত সাহারা আক্তার কাজল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া থানার নার্সিংগর গ্রামের কবির হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, ২০২৪ সালে পরিবারের অমতে ঢাকার আশুলিয়ার কুটুরিয়া এলাকার বাসিন্দা মো. অনিক মিয়ার (২১) সঙ্গে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল। কিন্তু ভালোবাসার সেই সংসার সুখের হয়নি। বিয়ের পর থেকেই যৌতুক ও আসবাবপত্রের দাবিতে অনিক ও তার পরিবারের সদস্যরা কাজলের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

কাজলের ফুপু ইয়াসমিন অভিযোগ করে বলেন, বিয়ের চার মাস পর কাজল প্রথমবার অন্তঃসত্ত্বা হলে শ্বশুর-শাশুড়ি জোরপূর্বক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে তার গর্ভপাত ঘটান। এর কয়েক মাস পর কাজল দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে বাবার বাড়ির লোকজন তাকে নিজেদের কাছে নিয়ে আসেন। সেখানেই জন্ম নেয় কাজলের সন্তান। কিন্তু সন্তানের বয়স মাত্র ৪০ দিন হতেই স্বামী ও শ্বশুর জোর করে কাজলকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যান।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত ২০ আগস্ট শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পরদিনই (২১ আগস্ট) কাজল ফোনে কান্নাজড়িত কণ্ঠে স্বজনদের বলেন, “আমি এখানে থাকবো না, তোমরা আমাকে নিয়ে যাও।” এরপর তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয়। সর্বশেষ ২৬ আগস্ট কাজল আবারও ফোন করে বাড়ি ফিরে আসার আকুতি জানালে স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে তাকে অমানুষিক নির্যাতন করেন। পরিবারের অভিযোগ, মারধরের একপর্যায়ে কাজল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয় এবং ‘বিষপান করেছে’ বলে প্রচার চালানো হয়। সেদিন সকাল ১০টায় কাজলের পরিবারকে খবর দেওয়া হলেও বিকেল ৩টা পর্যন্ত মেয়েকে আনতে বাধা দেওয়া হয়, এমনকি কাজলের মায়ের গায়েও হাত তোলা হয়।

অচেতন অবস্থায় কাজলকে স্থানীয় ‘জোবায়ের ফার্মেসি’তে নেওয়া হলে সেখানে চিকিৎসার নামে তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বলে অভিযোগ করেছে পরিবার।

সরেজমিনে অনুসন্ধানে ফার্মেসি মালিকের ছেলে জোবায়ের জানান, রোগীকে আনার পর নরমাল ও ডিএনএস স্যালাইন দেওয়া হয়েছিল এবং রাত আটটার দিকে রোগীর শ্বশুর নিজ সিদ্ধান্তে তাকে বাসায় নিয়ে যান।

অন্যদিকে, ফার্মেসির মালিক জয়নাল আবেদীন চিকিৎসার বিষয়টি পুরোপুরি অস্বীকার করে দাবি করেন, বিষপানের রোগীকে তারা রাখেননি এবং অন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন। বাবা ও ছেলের এমন পরস্পরবিরোধী বক্তব্যে ঘটনাটি আরও ঘনীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দারাও নিশ্চিত করেছেন যে, সেদিন কাজলকে ওই ফার্মেসিতেই দীর্ঘক্ষণ রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে পরিবারের এক সেনাসদস্য আত্মীয়ের সহায়তায় কাজলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন কাজল।

বর্তমানে তিন মাস বয়সী শিশুসন্তানটিকে বুকে জড়িয়ে দিন কাটছে কাজলের মা আসমা বেগমের।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার মেয়েটা যখন মারা যায়, বাচ্চাটার বয়স ছিল মাত্র দেড় মাস। এই অবুঝ শিশুটা এখন কাকে মা বলে ডাকবে? আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।”

বাবা কবির হোসেন বিলাপ করে বলেন, “কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। আমার কলিজার টুকরা মেয়েটাকে যারা শেষ করে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কাজলের শ্বশুরবাড়ির প্রতিবেশীরাও তার মৃত্যুতে শোকাহত। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, কাজল অত্যন্ত শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের মেয়ে ছিলেন। তার এমন করুণ পরিণতি এলাকার কেউই মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানস ভদ্র জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।