আওয়ামী লীগকে পুনর্বাসনের ঠিকাদারির দায়িত্ব নিয়েছি—দাবি উপজেলা তাঁতীদলের আহ্বায়কের

ফেনীর সোনাগাজী উপজেলার ৬নং চর চান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ঘর নির্মাণের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও জহিরুল মিয়ার নাম উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের মধ্যে একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ওই ঘর নির্মাণের অনুমতির বিষয়ে জানতে চাইলে ঘর নির্মাণকারী নুরুজ্জামান দাবি করেন, তাঁকে ইসমাইল হোসেন ও জহির মিয়া ঘর নির্মাণের অনুমতি দিয়েছেন।
নুরুজ্জামানের বক্তব্যের ভিডিও সংরক্ষিত আছে।
এ বিষয়ে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ইসমাইল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কেন অনুমতি দেব? আমি অনুমতি দেওয়ার কেউ নই। যাদের জায়গা, তারাই ঘর দিচ্ছে।’
তবে ঘর নির্মাণকারী ব্যক্তি নুরুজ্জামানের বক্তব্যে ইসমাইল হোসেনের অনুমতি দেওয়ার বিষয়টি উঠে আসে। পরবর্তী সময়ে এ বিষয়ে আবার জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, ‘আমি ঘর করার অনুমতি দিয়েছি, পারলে কিছু করিস।’
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন টিপুর এজেন্ডা বাস্তবায়নে ইসমাইল হোসেন ভূমিকা রাখছেন। এ বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন নিজেই দাবি করেন, ‘আমি আওয়ামী লীগকে পুনর্বাসনের ঠিকাদারির দায়িত্ব নিয়েছি।’
তাঁর এমন বক্তব্য ও ঘর নির্মাণের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের কাছে ইসমাইল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে। সেখানে ঘর নির্মাণের অনুমতি দেওয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ঠিকাদারির দায়িত্ব নেওয়ার বিষয়ে ও তাঁর বক্তব্য শোনা যায়।
