সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশির প্রাণহানি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন।
মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থল বা পরবর্তী সময়ে নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। একই সঙ্গে নিহতদের মরদেহ কবে নাগাদ দেশে পাঠানো সম্ভব হবে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
