ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

ভূমিমন্ত্রী ও রাজশাহীর সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়ায় অবস্থিত দারুন নাজাত হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।
অনুষ্ঠানে রোকসানা বেগম টুকটুকি বলেন, “ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর অভিভাবক ও জনগণের নেতা। একজন অভিভাবক অসুস্থ থাকলে তাঁর সন্তানরাও ভালো থাকতে পারে না। আমরা চাই, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় এতিম শিশুদের নিয়ে ছোট পরিসরে আমাদের এই আয়োজন।”
এ সময় প্রকৌশলী আরিফুল হক আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা ভূমিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জনগণের কল্যাণে তাঁর ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন অতিথিরা।
