ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার, ঢামেকে মৃত্যু

রাজধানীর শাহজাহানপুর থানাধীন রেলওয়ে গেস্ট হাউজের সামনের রাস্তার ফুটপাত থেকে মোঃ ফারুক নামের ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ অক্টোবর রাতের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে শাহজাহানপুর থানাধীন রেলওয়ে গেস্ট হাউজের সামনের রাস্তার ফুটপাতে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করেন শাহজাহানপুর থানা পুলিশকে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নিবলু দাস জানান, গতরাত আনুমানিক ১১ টার দিকে স্থানীয় পথচারীরা আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে এখানকার দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ১২ টার দিকে জানান তিনি আর বেঁচে নেই।
এসআই নিবলু দাস আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে এবং স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি নিহতের নাম মোঃ ফারুক। তিনি ভোলা জেলার সদর থানার চর রতনপুর গ্রামের মোঃ দুলু খালাশির ছেলে।
নিহত ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং রাস্তার বস্তা নিয়ে বোতোল টোকানোর কাজ করতেন। অসুস্থ জনিত কারণে (স্ট্রোক) তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
