দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার নিয়মাবলি প্রদর্শনীর আয়োজন করা হয়।
কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়া এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দুর্গাপুরের উপসহকারী প্রকৌশলী মো. নাহিদুল ইসলাম সঞ্চালনা করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. এ. মতিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসগর আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য হাত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। দৈনন্দিন জীবনে অপরিষ্কার হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগ ছড়াতে পারে। তাই খাবার তৈরি ও খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। হাত ধোয়ার মতো সহজ একটি অভ্যাস ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবার ও সমাজকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
