ফরিদপুরে মিথ্যা মামলা দায়ের করায় নারীকে জরিমানাসহ ১৫ দিনের কারাদন্ড

ফরিদপুরে মিথ্যা যৌন হয়রানি ও শ্লীলতাহানির মামলা দায়েরের দায়ে শাহিনুর বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাঁকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম একই এলাকার সাগর মোল্লা ও ইকরামুল মোল্লার বিরুদ্ধে যৌ*ন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটি মিথ্যা ও বানোয়াট ঘটনার ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছান। পরে বাদীকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আইন অনুযায়ী এ সাজা দিয়েছেন।
তিনি আরও বলেন, এ রায় মিথ্যা মামলা দায়েরের পরিণতি সম্পর্কে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এদিকে এ রায় ঘোষণা শোনার পরে সচেতন মহল এ প্রতিনিধিকে জানান, এ রায়ের দ্বারা সর্বস্তরের জনগণের মধ্যে আইনের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেছে। বিশেষ করে পুরুষদের আইনের প্রতি আরেকধাপ আস্থা বেড়ে গেলো। যৌতুক ও নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি সংশ্লিষ্ট আইনকে অপব্যবহার করে সমাজে অনেক দুশ্চরিত্র, অসৎ নারীরা নির্দোষপুরুষদের হয়রানি করে যাচ্ছে। অন্যদিকে অসহায় পুরুষরা নিজেদের মান-সম্মান, পরিবার, সমাজের কথা চিন্তা করে নির্যাতন সয়ে যাচ্ছেন বলে জানান সচেতন মহল।
