সারিয়াকান্দিতে উদ্ধারের পর এক হাজার লিটার চোলাই মদ ধ্বংস

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে এক হাজার লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে সুইপার কলোনীতে সন্ধ্যার পর প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে এসব চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তা ভ্রাম্যমাণ আদালতে নির্দেশে উদ্ধার করা চোলাই মদ ধ্বংস করা হয়। থানা পুলিশ ও বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.মিকাইল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সুইপার কলোনীতে চোলাই মদ তৈরি করে তা বিক্রি করে আসছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আপত্তি সত্ত্বেও তারা ব্যবসা করছিল। আজ উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় এক হাজার লিটার অবৈধ চোলাই মদ ও এই মদ তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, আমরা জানতে পেরেছি এই সুইপার কলোনী থেকে দীর্ঘদিন ধরে মদ তৈরি ও বিক্রি করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের অভিযোগ ছিলো। অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার চোলাইমদসহ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এরপর সেগুলো ধ্বংস করা হয়। ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.মিকাইল ইসলাম বলেন, আমরা মাদক বিরোধী টাস্ক ফোর্সের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সকলের উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাই মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
