যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে গোলাম সারওয়ার মোমিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

রাজশাহী নগরীর কুমারপাড়া নিবাসী ডাক্তার গাফফার এর মেজো ছেলে মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী নগরীর কুমারপাড়ায় তাঁর নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ২৮ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিন ইন্তেকাল করেন। পরে তাঁর মরদেহ রাজশাহীতে নিয়ে এসে নওহাটার  দুয়ারী এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেওয়ান বাতেন।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীরসহ মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর মরহুম মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তিনি মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে তিনি বলেন, মানুষের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী; তাই প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করা এবং পরকালের প্রস্তুতি নেওয়া।

তিনি মরহুমের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ও মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

পরে মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে মরহুমের জান্নাতুল ফেরদৌস লাভ এবং তাঁর পরিবার-পরিজনের জন্য আল্লাহর রহমত ও ধৈর্য কামনা করা হয়।