সরকারি নাজমুল স্মৃতি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স অষ্টম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিএসএস (সম্মান) অষ্টম ব্যাচ (চতুর্থ বর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি নাজমুল স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শামিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শহিদ স্মৃতি সরকারি কলেজ, হালুয়াঘাটের অধ্যক্ষ আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজমুল স্মৃতি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ জিল্লুর রহমান,প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক আবুল বাশার, ও প্রভাষক তানিয়া জামান তমা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিদায় কোনো সমাপ্তি নয়, বরং নতুন জীবনের পথচলার সূচনা। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফলতা অর্জনের জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
