সারিয়াকান্দিতে নামাজে গিয়ে উধাও কনস্টেবলের মোটরসাইকেল

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দিতে পৌর এলাকার জামিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার জামে মসজিদের বাইরে মোটরসাইকেল রেখে নামাজ পড়ছিলেন এক পুলিশ কনস্টেবল। নামাজ শেষে বাইরে এসে দেখেন মোটরসাইকেল নেই।
সোমবার (৪ মে) যোহরের নামাজ আদায়ের সময় পৌর এলাকার তিনমাথা মোড় থেকে ভিতরে অবস্থিত জামিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
জানা গেছে,কনস্টেবল (থানার মুন্সি) সাজু মিয়ার ছেলে স্থানীয় কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন। সেই প্রতিষ্ঠান থেকে বৃত্তি পায়। ছেলের শিক্ষার প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠানে দেওয়ার জন্য যান। পরে জুমার নামাজের সময় হলে তিনি তার ব্যবহৃত বাজাজ কোম্পানির লাল রংয়ের ডিসকভার-১২৫ সিসি, (লাইসেন্স নম্বর: নবাবগঞ্জ-হ-১৪-২৩০৩) মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের অবগত করেন তিনি।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, আমাদের থানার কনস্টেবল সাজু মিয়ার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ব্যবহৃত মোটরসাইকেল এমনভাবে চুরি হওয়ায় সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা মনে করেন, এমন ঘটনা প্রতিরোধে এলাকায় টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে মসজিদ, বাজারসহ জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা।
