রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ও কাটাখালী থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া গ্রামের মো. আসলামের স্ত্রী মোসা. মাজেদা বেগম (৫৩) এবং মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মো. আবু সামার ছেলে মো. সেলিম ওরফে ক্যাপসুল (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল গতকাল রাত সোয়া আটটার দিকে শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মাজেদা বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪১টি ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে পৌনে নয়টার দিকে কাটাখালী থানা পুলিশ শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সেলিম ওরফে ক্যাপসুলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশের রেকর্ড পর্যালোচনা করে জানা গেছে, গ্রেপ্তার মাজেদা বেগমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় আগের ৮টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া সেলিমের বিরুদ্ধে মতিহার থানায় ৪টি মাদক মামলা, ১টি পেনাল কোড ও ১টি জুয়া আইনের মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
