সিংড়ায় পথ হারানো শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

নাটোরের সিংড়া উপজেলার জামতলী বাজার বাসস্ট্যান্ড এলাকায় পথ হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় জনগণ, ইজিবাইক ও অটোরিকশা চালকদের মানবিক সহযোগিতায় শিশুটি দ্রুত পরিবারের কাছে ফিরে যেতে সক্ষম হয়।
৩১ মে দুপুর আনুমানিক ২টার দিকে সিংড়া থানাধীন চৌগ্রাম ইউনিয়নের জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি একা একা ঘোরাফেরা করছিল এবং এলোমেলো কথা বলছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা শিশুটির নিরাপত্তার স্বার্থে তাকে নিজেদের তত্ত্বাবধানে রাখেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় শিশুটির পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তীতে সিংড়া থানা পুলিশের সহযোগিতায় শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার স্বজনদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনগণের সচেতনতা ও মানবিক সহযোগিতার কারণে শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তিনি এ ঘটনায় স্থানীয়দের ভূয়সী প্রশংসা করেন।
এদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং নাটোরের এডিসি (জেনারেল) মহোদয়ও শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, শিশুটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছে এবং নিরাপদে পরিবারের কাছে ফিরে গেছে। এ ঘটনায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও জনসচেতনতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
