যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নাটোরে শুরু তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:২১ পিএম

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

মঙ্গলবার (১৯ মে) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

এরই অংশ হিসেবে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ের ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি।

এসময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের হাতে এলএ চেক, অর্পিত সম্পত্তির লিজের ডিসিআর, মিসকেসের রায়ের কপি, খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি তুলে দেওয়া হয়। এছাড়াও ভূমি সেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২১ মে পর্যন্ত নাটোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার সকল কার্যক্রম চলমান থাকবে। এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্যপ্রাপ্তির সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।