চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৭ মে দিবাগত রাত ১টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি দল শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
পৃথক অভিযানে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পাকা ইউনিয়নের নিশিপাড়া থেকে ১টি, নারায়ণপুর ইউনিয়নের খলিফারচর থেকে ৩টি, সোনাদিয়াচর থেকে ৪টি, উজিরপুর ইউনিয়নের কদমতলীচর থেকে ৪টি এবং সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এ পর্যন্ত সর্বমোট ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
