রাজশাহীতে র্যাবের অভিযানে চোলাই মদসহ ভাই-বোন গ্রেফতার

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ ভাই ও বোনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), রাজশাহী।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে র্যাব-৫ এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর তানোর থানাধীন তালন্দ বাজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তালন্দ বাজারপাড়ার বাসিন্দা চন্দন ডোমের নিজ বসতবাড়ির টিনশেড বারান্দা থেকে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় চন্দন ডোম (৩৮) ও তার বোন সোহাগী ডোম (৪০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
