যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে ব্র্যাকের কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৬:০৪ পিএম

শাহিনুর ইসলাম প্রান্ত [ স্টাফ রিপোর্টার]

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গবাদিপশু খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

আজ মঙ্গলবার (১২মে) হাতীবান্ধার দইখাওয়া বাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশ নেন।

প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে দুগ্ধ গাভী পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন প্রযুক্তি, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে ও ব্র্যাক এআই সার্ভিস প্রোভাইডার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ নুরুজ্জামান সোহাগ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে গাভী পালন করলে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি সম্ভব। সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময়মতো চিকিৎসা, উন্নত প্রজনন ব্যবস্থা এবং পরিচ্ছন্ন খামার পরিচালনার মাধ্যমে একজন খামারি সহজেই লাভজনক খামার গড়ে তুলতে পারেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিদের হাতে কলমে বিভিন্ন কৌশল শেখানো হয়। পাশাপাশি তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে খামারিদের দক্ষতা বৃদ্ধি ও দেশের দুগ্ধ উৎপাদন খাতকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত থাকবে।