মান্দায় মাদক মামলায় কারাভোগের পর কর্মস্থলে মৎস্য অফিসের কর্মচারী, বিতর্ক সৃষ্টি

নওগাঁর মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক পলাশ কুমার (৩৮) মাদক ও জুয়া সংশ্লিষ্ট অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় এক সপ্তাহ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এরপরও তাঁকে কার্যালয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় তাকে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি চাকরির শৃঙ্খলাবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়ার পরও পলাশ কুমার কীভাবে নিয়মিত অফিসের কার্যক্রম পরিচালনা করছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে সাময়িক বরখাস্তের কথা স্বীকার করলেও অফিসে তাঁর উপস্থিতি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীত হাওলাদারের বাড়িতে মাদক ও জুয়ার আসর থেকে পলাশ কুমারসহ ১০ জনকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ। পরদিন সোমবার সকালে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। প্রায় এক সপ্তাহ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় কর্মস্থলে যাতায়াত শুরু করেন বলে অভিযোগ রয়েছে। সেইসাথে তাকে কার্যালয়ে বসে অফিস করতে দেখা গেছে।
এ বিষয়ে আইন বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারী হিসেবে পলাশ কুমারের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হলে তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী চাকরিবিধি ও শৃঙ্খলার পরিপন্থী এবং গুরুতর অসদাচরণের শামিল। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধিমালার ৪ বিধি অনুযায়ী লঘু বা গুরুতর দণ্ড হিসেবে নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর কিংবা চাকরি থেকে অপসারণের বিধান রয়েছে। আইন বিশ্লেষকেরা এ বিধি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
অভিযুক্ত উপজেলা মৎস্য অফিস সহকারী পলাশ কুমারকে তার অফিস করার বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলতে বলেন।
এ বিষয়ে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সঙ্গে কথা হলে তিনি প্রথমে পলাশ কুমারের অফিস করার বিষয়টি অস্বীকার করেন। পরে বলেন, ‘যদি অফিস করে থাকে, তাহলে আমার অনুমতি নিয়েই করেছে।’
চাকরিবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আপনারা ভুয়া কথা বলছেন। সাময়িক বরখাস্ত আমি করেছি, আমিই তাকে অফিসে বসিয়েছি।’
অন্যদিকে বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (পিডি) সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কর্মকর্তার সঙ্গে কথা বলব। সাময়িক বরখাস্ত হলে অফিস করার কোনো সুযোগ নেই।’
