৩০০ বছরের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নাটোর রাজবাড়ীর সৌন্দর্য বর্ধনে জেলা প্রশাসনের উদ্যোগ

রাজসিক নাটোরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঐতিহাসিক নাটোর রাজবাড়ী। প্রায় ৩০০ বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এ রাজবাড়ীতে প্রতিদিনই ভিড় করেন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। দর্শনার্থীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময়, আনন্দদায়ক ও আকর্ষণীয় করতে রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সৌন্দর্য বর্ধন ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে নাটোর জেলা প্রশাসন।
মন্ত্রিপরিষদ বিভাগে দাখিলকৃত কর্মসম্পাদন পরিকল্পনার অংশ হিসেবে রাজবাড়ীর জরাজীর্ণ বসার স্থান এবং অগোছালো অস্থায়ী দোকানগুলো সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগের বাস্তবায়নকাজ চলমান রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ীতে আগত পর্যটকদের জন্য গড়ে ওঠা দোকানগুলো দীর্ঘদিন ধরে সাধারণ ত্রিপল ও অস্থায়ী কাঠামো ব্যবহার করে পরিচালিত হয়ে আসছিল। ফলে দোকানগুলো ছিল অগোছালো ও ছড়িয়ে-ছিটিয়ে। পাশাপাশি দর্শনার্থীদের বসার স্থানগুলোও ছিল জরাজীর্ণ। এতে ঐতিহাসিক রাজবাড়ীর সামগ্রিক সৌন্দর্য কিছুটা ম্লান হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে দোকানিদের জন্য পরিকল্পিত অস্থায়ী অবকাঠামো তৈরি এবং বসার স্থান সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজবাড়ীতে ঘুরতে আসা পর্যটকরা। তাঁদের মতে, পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে অনেকেই শখের বশে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করেন। তাই কেনাকাটার জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ থাকা প্রয়োজন। সে বিবেচনায় দোকানগুলো পরিকল্পিতভাবে সাজানোর উদ্যোগ সময়োপযোগী।
এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় দোকানিরাও। তাঁদের প্রত্যাশা, নতুনভাবে দোকান পরিচালনার উপযোগী পরিবেশ তৈরি হলে ব্যবসার পাশাপাশি পর্যটকদের সেবার মানও বাড়বে। সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরাও রাজবাড়ীর ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সৌন্দর্য বর্ধনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার বলেন, রাজবাড়ীতে পর্যটকদের জন্য থাকা দোকানগুলো অগোছালো ও ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বসার স্থানগুলোও জরাজীর্ণ অবস্থায় ছিল। পর্যটকদের সুবিধা ও রাজবাড়ীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এসব স্থাপনা অস্থায়ীভাবে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহ্যের কোনো ক্ষতি না করেই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা ও বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি কমিটির মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা এবং পর্যটকদের চাহিদা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।
জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে রাজবাড়ীর ভেতরের ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। এছাড়া কয়েকটি মন্দিরের সামনের সড়ক ভাঙাচোরা থাকায় বর্ষা মৌসুমে কাদাপানির কারণে পর্যটক ও পূণ্যার্থীদের চলাচলে অসুবিধা হয়। এসব সড়ক সংস্কারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি পিকনিক স্পটের রান্নার স্থান ও প্রয়োজনীয় পরিবেশ উন্নয়নের পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে সক্ষমতা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে, রাণী ভবানী রাজবাড়ীর কাস্টডিয়ান মোঃ শিহাব হোসেন বলেন, নাটোর রাজবাড়ীতে ১১টি সংরক্ষিত নিদর্শন বা পুরাকীর্তি রয়েছে। এসব নিদর্শনের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার সময় এসেছে। তিনি রাজবাড়ীকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে এনে পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, নাটোর রাজবাড়ী শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর প্রতিটি স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও সময়ের দাবি।
জেলা প্রশাসনের চলমান উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নাটোর রাজবাড়ীর পর্যটন পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল ও দর্শনার্থীরা।
