যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাল রাজশাহী মহানগর যুবদল

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:১০ পিএম

​দৈনিক যুগান্তর পত্রিকায় আজ রোববার (১০ মে) ‘টাকা কামানোর মেশিন লাশবাহী এ্যাম্বুলেন্স’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।

ওই সংবাদে এ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাথে যুবদলের শীর্ষ দুই নেতার ঘনিষ্ঠতার যে দাবি করা হয়েছে, তাকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে সংগঠনটি।

​রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে এ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতাদের সাথে যুবদলের শীর্ষ দুই নেতার ঘনিষ্ঠ সম্পর্কের যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। এর মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবির ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

​প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, এ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মতো কোনো ঘৃণ্য ও অনৈতিক কর্মকাণ্ডকে রাজশাহী মহানগর যুবদল কখনোই আশ্রয়-প্রশ্রয় দেয় না। জনমনে বিভ্রান্তি ছড়াতে রাজনৈতিক প্রতিহিংসাবশত এ ধরনের তথ্য সংবাদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

​ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার ব্যুরো প্রধান ও স্টাফ রিপোর্টারসহ সকলকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে, প্রকৃত সত্য উদঘাটন করে ভুল সংবাদ পরিবেশনের জন্য দুঃখ প্রকাশ করার অনুরোধ জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।