নলডাঙ্গায় আইনগত সহায়তা কমিটির সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা ও জিএফএ-এর কারিগরি সহায়তায় সভাটির আয়োজন করা হয়।
খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং নাটোরের ALWO (আলো) সংস্থার সহযোগিতায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংস্থা ও উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি বলেন, শুধু মেয়ে নয় ছেলেদের জন্য লিঙ্গ নিরপেক্ষ আইন বাস্তবায়নের উপর মুল্যবান বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, আনসার কর্মকর্তা এরশাদ এবং সাংবাদিক মোঃ রাসেল শেখসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজু।
সভায় বক্তারা সাধারণ মানুষের আইনগত অধিকার ও লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু পাচার প্রতিরোধ, জুয়া এবং মাদকের ভয়াবহতা তুলে ধরেন।
বক্তারা এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করা এবং সামাজিক অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
