যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

‎বাগমারায় শত শত মানুষের রুটি-রুজির উদপাড়া বিল গিলে খাওয়ার চেষ্টায় ভূমিদস্যুরা

বাগমারা প্রতিনিধি : প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

রাজশাহীর বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘উদপাড়া বিল’ এখন ভূমিদস্যুদের আগ্রাসনের মুখে পড়েছে।

‎স্থানীয় শত শত মানুষের আহার, জীবিকা এবং গবাদিপশুর একমাত্র চারণভূমি হিসেবে ব্যবহৃত এই বিস্তীর্ণ বিলটি কেটে অবৈধভাবে পুকুর তৈরির জোর পরিকল্পনা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এতে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষিজীবী ও সাধারণ মানুষ।

‎স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই সিন্ডিকেটের পেছনে রয়েছেন। সরকারের কঠোর নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা উদপাড়া বিলের তিন ফসলি কৃষিজমি ও প্রাকৃতিক জলাশয় ধ্বংস করে বাণিজ্যিক পুকুর খননের পাঁয়তারা করছেন।

‎এলাকাবাসীর অভিযোগ, এই উদপাড়া বিলের ওপর ওই অঞ্চলের শত শত পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। বিলের জমিতে যেমন ফসল ফলে, তেমনি বর্ষায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অনেকে। এছাড়া এটি এলাকার গবাদিপশুর প্রধান চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে পুকুর খনন করা হলে পুরো অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়বে, দেখা দেবে স্থায়ী জলাবদ্ধতা এবং হুমকিতে পড়বে শত শত মানুষের রুটি-রুজি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রভাবশালী চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে বা যেকোনো সময় ভেকু (মাটি কাটার যন্ত্র) নামিয়ে খননকাজ শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, প্রাকৃতিক জলাশয় বা তিন ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করা সম্পূর্ণ বেআইনি এবং পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয়কর।

ভুক্তভোগী এলাকাবাসী ঐতিহ্যবাহী উদপাড়া বিল ও তাদের আহার-বাসস্থানের এই শেষ সম্বলটুকু রক্ষা করতে এবং অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) সহ ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।