মান্দায় জাতীয় সমবায় দিবস পালন, স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান এমপি টিপুর

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর মান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনা করতে হবে। সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, তাঁতী দলের সভাপতি নাজিম উদ্দীন। উপজেলা সমবায় কার্যালয়ের সরকারি পরিদর্শক শফিকুল ইসলাম ও উজ্জ্বল কুমার কবিরাজ।
এ ছাড়া নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভের ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সম্রাট, আজিজ কো-অপারেটিভের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
