চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জের চৌহালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কাঁঠালবাগান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের স্বাধীনতাযুদ্ধ নতুন দিকনির্দেশনা পেয়েছিল। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়।
বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ এবং শহীদ জিয়াউর রহমানকে ঘিরে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সঠিক ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন।
তাঁদের দাবি, ওই সময় জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল, তবে সিপাহি-জনতার ভূমিকার কারণে তা সফল হয়নি। ইতিহাসের প্রকৃত ঘটনা অনুধাবন না করলে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তাঁরা।
এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মী মিছিল নিয়ে আসেন।
