৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে : হুমাম কাদের

বিগত ১৭ বছর ধরে দেশের প্রকৃত ইতিহাস আড়াল করে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়াও একটি বিপ্লব। ১৯৭৫ সালে সেনাবাহিনীর নেতৃত্বে বিপ্লব সংঘটিত হয়েছিল, আর এবার ছাত্র-জনতার নেতৃত্বে তা হয়েছে। এসব ঘটনাও যথাযথভাবে ইতিহাসে লিপিবদ্ধ করা প্রয়োজন। কারণ সময়ের ব্যবধানে এসব ইতিহাসও পরিবর্তিত হয়ে যেতে পারে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের প্রকৃত ঘটনাপ্রবাহ আড়াল করার চেষ্টা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন ও ঐতিহাসিক ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সঠিক ইতিহাস সংরক্ষণ জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বরের প্রথম প্রহরে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হুমাম কাদের চৌধুরী।
এ সময় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসের সঙ্গে এ দিনটি গভীরভাবে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রথম প্রহরে সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
