সারিয়াকান্দিতে সেই কোচিং সেন্টার খোলার দাবিতে অভিভাবকদের মানববন্ধন

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দিতে দ্যা নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল এন্ড কোচিং কোচিং সেন্টার খোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে অভিভাবক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। এর আগেদিন তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর কোচিং খোলা প্রসঙ্গে একটি আবেদন দেন।
মানববন্ধনে কোচিং সেন্টারের শিক্ষক প্রদীপ রায় বলেন, অত্র প্রতিষ্ঠানটি দীর্ঘ ২০ বছর ধরে সুনামের সাথে চলছে। কিন্তু একদল কুচক্রী মহল সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে কোচিং সেন্টারটি বন্ধ করাইছে। সামনে এসএসসি পরীক্ষার প্রস্তুতি পড়া পড়ে ভালভাবে পরীক্ষা দিতে ছাত্র-ছাত্রীদের দাবি কোচিং সেন্টার খুলে দেওয়ার। এজন্য কোচিং খুলে দেওয়ার জন্য ইউএনও মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুভঙ্কর রায়ের অভিভাবক স্বপন বলেন,মিথ্যা অপবাদ দিয়ে কোচিং সেন্টারটি বন্ধ করা হয়েছে। এখানে আমাদের ছেলেময়ে পড়াশোনা না করতে পারলে ভবিষ্যৎ নষ্ট হবে। তাই আমাদের দাবি কোচিং সেন্টারটি যেনো খুলে দেওয়া হয়।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী চৈতী আকতারের অভিভাবক রিমা আকতার বলেন, নয়ন স্যারের কোচিং সেন্টারে আমাদের ছেলেমেয়ে সুন্দর ভাবে লেখাপড়া করে আসতেছিল। এই কোচিং সেন্টার থেকে এবার ৩০ জন A+ পেয়েছে। তিনি এও বলেন, বাচ্চারা যদি অঙ্গভঙ্গি করে এর দায়ভার স্যার তো না। কিন্তু তাকে (স্যারকে) ফাঁসানে হয়েছে। আমাদের ছেলেমেয়ের লেখাপড়া নষ্ট হচ্ছে। আমরা চাই কোচিং সেন্টারটি যেনো খুলে দেওয়া হয়।
তাসলিমা আক্তার এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক তাবাসসুমা আকতার বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। এর মধ্যেই কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হলো। এখন মেয়েদের অন্য জায়গায় ভর্তি করে দিতেও পারছিনা না, অন্য জায়গায় নিতেও চাচ্ছে না। এতে করে মেয়েদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাই কোচিং সেন্টারটি খুলে দেওয়া হয়। ইউএনও মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
উল্লেখ্য, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে ফুলবাড়ি বাজার এলাকায় অবস্থিত দ্যা নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল এন্ড কোচিং সেন্টারের ভিতরে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনার প্রতিবাদে কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ও সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোচিং সেন্টারটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
