নজরুলের চেতনায় নারী জাগরণের ডাক, বাংলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কালজয়ী পঙ্ক্তিকে প্রতিপাদ্য করে রাজধানীতে ‘বিদ্রোহী হতে বিদ্রোহ (রিভোল্ট)’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলা একাডেমির কবি আল মাহমুদ হলে ‘জাতীয় নারী সাহিত্য পরিষদ’-এর আয়োজনে এবং ‘দৈনিক দেশজগত’-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই সিকদার। সভার উদ্বোধন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতীয় নারী সাহিত্য পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান।
জাতীয় নারী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও ‘বিদ্রোহী’র পরিচালক কবি ও কথাসাহিত্যিক নাসরীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি আবদুল হাই সিকদার বলেন, “কাজী নজরুল ইসলাম তাঁর ‘বিদ্রোহী’ কবিতার মাধ্যমে সব ধরনের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণের ডাক দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমাজ ও সাহিত্যের প্রকৃত বিকাশে পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য।”
এ সময় তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কর্ম নিয়ে আরও বেশি গবেষণা ও কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের মননশীল সাহিত্য ও আলোচনা অনুষ্ঠান নিয়মিত আয়োজনের অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রেজাবদ্দৌলা চৌধুরী, জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, অ্যাডভোকেট নাসিম আহম্মেদ এবং অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান সম্পাদক, প্রকাশক ও সিইও সৈয়দ জাকির হোসাইন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় নারী সাহিত্য পরিষদের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক নূরজাহান বেগম, সাবেক সংসদ সদস্য ও জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট তাছমিন রানা, বরেণ্য আবৃত্তিকার অ্যাডভোকেট সীমা ইসলাম, পরিষদের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কবি এটিএম ফারুক আহমেদ, বরেণ্য ছড়াকার ও উপদেষ্টা আতিক হেলাল, লেখক ও রাষ্ট্রচিন্তক রাকিব মাহবুব, বিশিষ্ট আবৃত্তিকার তাহসিন রেজা, লেখক ও গবেষক ড. নাজমুল হক, কলামিস্ট ফিরোজ চিশতি এবং কলামিস্ট ও ব্যাংকার সালেক উদ্দিন।
আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফয়জুল্লাহ সাঈদ, আবৃত্তিশিল্পী শহীদুল্লাহ্, কবি ও বাচিকশিল্পী তারিক হাসিব এবং সংগীতশিল্পী সৈয়দা নার্গিস নীলা। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কবি শাহীন আফরোজ, সুলতানা রাজিয়া ও কবি শায়লা খান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন নারী জাগরণ ও মননশীল সাহিত্যচর্চায় জাতীয় নারী সাহিত্য পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
