যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না • সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ • নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার • মান্দায় মাদক মামলায় কারাভোগের পর কর্মস্থলে মৎস্য অফিসের কর্মচারী, বিতর্ক সৃষ্টি • গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ : ৭০ কারখানা ছুটি; শ্রীপুরে আঞ্চলিক সড়ক অবরোধ ও টিয়ারগ্যাস নিক্ষেপ • বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব • চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাফল্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

মদনে টোলের টাকা আদায়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধার মৃত্যু, আটক ১

রাসেল আহমেদ
রাসেল আহমেদ জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

নেত্রকোনার মদনে পৌরসভার ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেকের (৮৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলামকে আটক করেছে মদন থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মদন পৌর এলাকার চকপাড়া মোড়ল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলার চানগাঁও গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলাই যোদ্ধা আব্দুল বারেক চিকিৎসা শেষে একটি রিজার্ভ সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে পৌরসভার ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলাম সিএনজি চালকের কাছে টোলের টাকা দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন।

অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর অবশিষ্ট টাকা ফেরত না দেওয়ায় আব্দুল বারেক তা চাইলে আতিকুল ইসলামের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আতিকুল তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর কঠোর অবস্থান নেন এবং অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর মদন থানা পুলিশ অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করে।

এ বিষয়ে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, “অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একজন জুলাই যোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।