পাইকগাছা-কয়রা সার্কেলে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর এএসপি আমির হামজা

ফসিয়ার রহমান, পাইকগাছা-কয়রা (খুলনা) : খুলনার পাইকগাছা ও কয়রা সার্কেলের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) হিসেবে মোঃ আমির হামজা যোগদানের পর থেকেই দুই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার চৌকস নেতৃত্ব, মাঠপর্যায়ে সরাসরি তদারকি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
যোগদানের পর থেকে তিনি পাইকগাছা ও কয়রা থানার সার্বিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে তিনি ইতোমধ্যেই দুই জনপদে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে প্রশংসিত হচ্ছেন। বিশেষ করে থানাকে হয়রানিমুক্ত সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে তার তদারকি স্থানীয়দের মাঝে আস্থা তৈরি করেছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা বলেন, “যোগদানের পর থেকেই আমার মূল লক্ষ্য হলো পাইকগাছা ও কয়রার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবাকে সবার জন্য সহজলভ্য করা। উপকূলীয় এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় মাদক ও যেকোনো ধরনের অপরাধ নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। কোনো অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা কেবল পুলিশের একার কাজ নয়; জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা পেলে এই অঞ্চলকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখা সম্ভব। যেকোনো প্রয়োজনে বা অপরাধের তথ্য দিতে সাধারণ মানুষ নির্ভয়ে সরাসরি আমাদের জানাতে পারেন।”
স্থানীয় সচেতন মহল ও নাগরিকরা জানান, নতুন এএসপি যোগদানের পর থেকে দুই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন উন্নতি হয়েছে, তেমনি সাধারণ মানুষও নির্ভয়ে পুলিশের কাছে গিয়ে সেবা পাচ্ছেন। তার এই ধারাবাহিক তৎপরতায় পাইকগাছা ও কয়রা আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
