শ্রীবরদীতে কৃষকের স্বপ্নভঙ্গ, রাতারাতি কেটে ফেলা হলো শত শত কলাগাছ

শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে একটি কলাবাগানের ৭০০ থেকে ৮০০টি ফলবান কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক। দীর্ঘদিনের পরিচর্যা ও বিনিয়োগের পর গাছে ফলন আসতেই এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে শ্রীবরদী উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ খড়িয়া গ্রামের মো. নুর হোসেন প্রায় ১৫৫ শতাংশ জমিতে একটি কলাবাগান গড়ে তোলেন। বাগানটিতে প্রায় দুই হাজার কলাগাছ ছিল। দীর্ঘদিনের পরিচর্যায় গাছগুলোতে কলার ফলনও এসেছিল। তবে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে এমন দৃশ্য দেখতে পান মালিক।
বাগান মালিক মো. নুর হোসেন ও তার ভাই মো. হাফেজ আলমগীর তাদের দাবি, কেটে ফেলা গাছগুলোর অধিকাংশেই কলার ছড়া এসেছিল। এতে গাছের পাশাপাশি সম্ভাব্য উৎপাদিত কলা বিক্রির আয় থেকেও বঞ্চিত হবেন তারা।
ক্ষতিগ্রস্ত বাগানমালিক মো. নুর হোসেন বলেন, প্রায় ১৫৫ শতাংশ জমিতে আমার দুই হাজারের মতো কলাগাছ ছিল। রাতের আঁধারে কে বা কারা বাগানে ঢুকে ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলেছে। সকালে এসে এমন অবস্থা দেখে হতবাক হয়ে যাই। গাছগুলোতে কলার ফলন হয়েছিল। এতে আমার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ঘটনায় স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, দীর্ঘদিনের শ্রম ও অর্থ বিনিয়োগের পর ফলন আসা অবস্থায় এভাবে কলাগাছ কেটে ফেলা একজন কৃষকের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ‘আমরা অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত কিংবা কী কারণে কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত বাগানমালিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
