যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজধানীতে ককটেলের আঘাতে ঢাবি কর্মচারী আহত

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

রাজধানীর সূত্রাপুর এলাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেলের আঘাতে জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাহাঙ্গীর ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি হিসেবে কর্মরত। তিনি বর্তমানে রাজধানীর লালবাগ থানার ৩৮/২ সমাজকল্যাণ গলি এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল আজিজ আকন।গ্রামের বাড়ি বরিশালে।

আহতের ভাই আলমগীর জানান, আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালির কাজ করার পাশাপাশি কবি নজরুলেও পার্টটাইম হিসেবে মালির কাজ করত। বিকেল সাড়ে ৫টার দিকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দারোয়ান সুজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন আমার ভাই। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল এসে তার মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তার মাথা ও চোখে গুরুতর জখম হয়। তবে ককটেলটি কে বা কারা এবং কোথা থেকে নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেলের আঘাতে আহত ওই ব্যক্তিকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।