যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গলাচিপায় শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

সঞ্জিব দাস, গলাচিপা : প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের একটি খালের ওপর ব্রিজ না থাকায় তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ ও ৫শ শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে তাদের।

বিশেষ করে নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয়, যা নিয়ে সবসময় চরম উৎকণ্ঠায় থাকেন অভিভাবকরা।

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে এই খালটি। প্রতিদিন অন্তত ৫শ শিক্ষার্থীসহ ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৭ হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। চরম এই দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে খালের ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। কিন্তু এই সাঁকো দিয়ে নারী, বৃদ্ধ ও শিশুদের যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর।

​তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলে, ‘আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, পা পিছলে পড়ে যাই। সাঁকো পার হওয়া আমাদের জন্য বড় আতঙ্কের বিষয়। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিশুরা সাঁতার জানে না, তাই তাদের বেলায় ঝুঁকি আরও বেশি। অনেক সময় খালের পানিতে বই-খাতাসহ শিশুরা পড়ে যায়। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় অনেক অভিভাবক তাঁদের সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন।’

​নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, ‘প্রতিদিন এই সাঁকো দিয়েই আমাদের স্কুলে আসতে হয়। সাঁকো দিয়ে পার হওয়ার সময় প্রায়ই আমাদের বই-খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে তো আমাদের বারবার বই দেয় না, বই পড়ে গেলে পড়াশোনার অনেক ক্ষতি হয়। সব সময় তো বাবা-মা আমাদের স্কুলে দিয়ে যেতে পারেন না। আমরা এখানে একটি ব্রিজ চাই।’

​পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করে। সাঁকো পার হতে গিয়ে বহুবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতো।’

​আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খাঁ বলেন, ‘আমাদের একটাই দাবি, পটুয়াখালী-৩ আসনের এমপি ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে আমরা অনুরোধ জানাই—আমাদের এই দুরবস্থা লাঘবের জন্য এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করে দিন।’

​নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এই খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে এখানে ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছি। কিন্তু অজানা কারণে এখনো ব্রিজ হচ্ছে না।’

​এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, ‘আগে ওই সাঁকোর জায়গায় একটি কাঠের পুল ছিল। পুলটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা নতুন একটি পুল বা ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’