জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল পাইকগাছা উপজেলা নার্সারি সমিতি

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে খুলনার পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক লাভ করেছে ‘পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমবায় সমিতি লিমিটেড’।
সমিতির এই অর্জনে আনন্দিত হয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা নার্সারি সমবায় সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সার্বিক কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমে এই সম্মাননা পাওয়ায় সমিতির উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান সাধারণ সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সমছুর গাজী ও আব্দুল ওহাব।
সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা গ্রহণ করেন উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার কামাল হোসেন, সহ-সভাপতি আল আমিন মোড়ল, কোষাধ্যক্ষ অলিউর রহমান, কার্যনির্বাহী সদস্য আফসার গাজী ও রাজিব গাজী।
এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।
