রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবির মহাপরিচালকের দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর ও সাহেবনগর বিওপির আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ১৮০ মিলিলিটারের ১৫ বোতল ভারতীয় ব্লু লেগুন মদ এবং মালিকবিহীন ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
