নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগটি করেছেন চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলের মালিক আব্দুল মোমিন। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কেনাকাটা করতে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর হাটে যান আব্দুল মোমিন। এ সময় তিনি ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পেছনে তার লাল-কালো রঙের ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলটি রেখে হাটের ভেতরে কেনাকাটা করতে যান।
পরে সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে কেনাকাটা শেষে ফিরে এসে তিনি দেখেন সেখানে মোটরসাইকেলটি নেই। এরপর আশপাশের বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় আব্দুল মোমিন নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, মোটরসাইকেলটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
