যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ভাঙ্গায় নকল কসমেটিক তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, আটক ১

মো. সাখাওয়াত হোসেন
মো. সাখাওয়াত হোসেন জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:৫৯ এএম

ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের চন্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে অবৈধভাবে নকল কসমেটিক পণ্য তৈরির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

অভিযানে মো. রেজাউল মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তিকে অবৈধভাবে নকল কসমেটিক তৈরির সময়ে হাতেনাতে আটক করা হয়। তিনি নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামের আছমত মাতুব্বরের ছেলে।

গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে গোপনে নকল ও ভেজাল কসমেটিক পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় বিপুল পরিমাণ নকল কসমেটিক সামগ্রী জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে তা ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

আটককৃত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় কসমেটিক উৎপাদনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন, ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর মো. মুকুল হোসেন সরদার।

অভিযানে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। আলামত জব্দ, ধ্বংস ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল ও নকল কসমেটিক উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।